স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: এক আসামির মৃত্যুদণ্ড
আরেক আসামিকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড।
এক দশক আগে নাটোরের লালপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রোববার এ রায় ঘোষণা করেন।
মৃত্যদণ্ডপ্রাপ্ত মো. সুমন আলী লালপুরের পোকন্দা এলাকার মো. আব্দুল হামিদের ছেলে; আর আমৃত্যু কারাদণ্ড পাওয়া মো. রফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ তারাশের ওয়াশিং ধানকুষ্টি এলাকার, তার বাবার নাম আফসার আলী।
এ আদালতের বিশেষ পিপি মো. আনিসুর রহমান বুলু জানান, দুই আসামিকেই ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।
“সাক্ষ্য-প্রমাণে আসামিদের অপরাধ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আদালত এই রায় দিয়েছেন।“
মামলার বিবরণে জানা যায়, লালপুরের একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেলির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন স্থানীয় বখাটে সুমন। মেয়েটির আসা যাওয়ার পথে তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন তিনি।
ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে, তারা সুমনকে সাবধান করে। এতে মেয়েটির উপরে ক্ষিপ্ত হন সুমন।
২০১৬ সালের ১৩ ফেব্রয়ারি সকালে সুমন তার লোকজন নিয়ে একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে তার বাড়ি থেকে তুলে আনে। অন্য জায়গায় মেয়েটিকে আটকে রেখে তাকে ধর্ষণ করে।
পরে পুলিশ সুমনের বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে। ওই ঘটনার পর সুমনসহ আরও কয়েকজনের নামে লালপুর থানায় মামলা করেন মেয়েটির বাবা।
