২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ভটভটির সঙ্গে সংঘর্ষে গেল ২ বাইক আরোহীর প্রাণ

বিরামপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 05:54 PM

Updated : 26 Apr 2024, 06:47 PM

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গরু বোঝাই ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর আড়াটার দিকে উপজেলার হিলি-বিরামপুর সড়কে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার ধীরাজ ঘোষের ছেলে ধীমান ঘোষ (৩৭) এবং একই উপজেলার আনারুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩৬)।

পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, বিরামপুর থেকে ছেড়ে আসা হিলি অভিমুখী গরু বোঝাই একটি ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও ভটভটিটি জব্দ করেছে পুলিশ।

নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।