২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

“রোগীর পরিস্থিতি জটিল না হওয়া পর্যন্ত উপজেলা ও জেলা হাসপাতালেই চিকিৎসা দিতে চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়েছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 06:57 PM

Updated : 30 Jul 2023, 06:57 PM

বরিশালে সবশেষ ২৪ ঘণ্টায় তিন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে; একইসঙ্গে বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা ও বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয় বলে রোববার জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

মৃতরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার জামবারী এলাকার হরিপদ (৮৫), বরগুনা সদর উপজেলার ফুলদুলুয়া এলাকার আব্দুর রহিম (৮০) এবং দৌলতখান উপজেলার হনুফা বেগম (৬০)।

এ নিয়ে বরিশাল বিভাগে ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, শনিবার থেকে রোববার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৩৯ জন রোগী বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৬টি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে প্রতিরোধে জোর দিতে হবে। যার যার নিজের জায়গা থেকে মশা নিধনে কাজ করা

ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

ডেঙ্গু রোগীদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের সভা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সেখানে চিকিৎসকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পাঠাতে নিষেধ করা হয়েছে। রোগীর পরিস্থিতি জটিল না হওয়া পর্যন্ত উপজেলা ও জেলা হাসপাতালেই চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৭৮ জন ভর্তি হয়েছে বরগুনার ২৫০ শয্যার হাসপাতালে। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন ৯৭ জন।

এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ জন। রোববার পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন ২৩৮ জন। পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ জন, চিকিৎসাধীন রয়েছে ১১৬ জন।

এছাড়া বরিশাল সদর হাসপাতাল, পটুয়াখালী সদর হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল,

ভোলা সদর হাসপাতাল, ঝালকাঠি সদর হাসপাতালেও নতুন রোগী ভর্তির সংখ্যা বেড়েছে।

অন্যদিকে নগরীর ডোবা নালা পরিষ্কার, জলাবদ্ধতা দূর করা সহ ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানিয়ে সাইকেল র‌্যালি করেছে বরিশাল ব্লাড ডোনারর্স ক্লাব।

রোববার বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হওয়া এই র‌্যালি নগরীর বিভিন্ন সড়কে ঘুরে জনসচেতনতামূলক প্রচার চালায়।