জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
জামালপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার বিকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের ভারুয়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।
নিহতরা হলেন- অটোরিকশা যাত্রী শেরপুরের মাছপাড়ার মোজাফফর হোসেন (৪৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়াভাসাটি গ্রামের খোকন মিয়া (৪০) এবং যানটির চালক শেরপুরের নন্দীর বাজারের আরমান আলী (৪০)।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা সবাই অটোরিকশায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সোহরাব জানান, বিকাল ৪টার দিকে ভারুয়াখালী এলাকায় জামালপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
