গাজীপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা নিহত
তিনি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
গাজীপুর মহানগরীর গাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার সকালে মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান।
নিহত মোহাম্মদ আলী জিন্নাহ (৪৫) সিরাজগঞ্জ কামারখন্দ থানার কুরাদিপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি গাছা থানাধীন জাঝর এলাকার মোটেক্স ফ্যাশন কারখানার প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ওসি ইব্রাহিম হোসেন জানান, মোহাম্মদ আলী জিন্নাহ গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ট্রাকসহ চালক পালিয়েছেন জানিয়ে ওসি আরও বলেন, “আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
