কুমিল্লায় জমির বিরোধে একজনকে খুনের দায়ে চারজনের মৃত্যুদণ্ড
এ ছাড়া লাকসামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আরেকটি আদালত।
জমির বিরোধ নিয়ে বুড়িচং উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।
মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার জগতপুর গ্রামের আবদুল মালেক, মফিজুল ইসলাম, আবু ইউসুফ ও খোকন মিয়া।
মামলার বরাত দিয়ে আদালত পুলিশ জানায়, সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র জগতপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী কনু মিয়ার বিরোধ ছিলো। ২০০৩ সালের ৩১ অগাস্ট কনু মিয়া দলবল নিয়ে নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এ সময় নজরুল তার ভাই মনিরুল ইসলামের গরুর দুধ বিক্রি করার জন্য বুড়িচং বাজারে যাচ্ছিলেন।
বাড়ির সামনেই আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে মনিরুলকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ১৬ জনের নামে মামলা করেন। মামলা চলাকালে কনু মিয়া, আবদুল মতিনসহ তিনজন মারা গেছেন। ফলে তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়। অন্য আসামিদের বেকসুর খালাস দিয়েছে আদালত।
আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে আদালত ২০ হাজার টাকা করে জরিমানা করেছে।
ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
এদিকে লাকসাম উপেজেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আরেকটি আদালত।
মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মহিন উদ্দিন (২৮) উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে।
মামলার বরাতে আইনজীবী বলেন, মহিন উদ্দিন ও কুমিল্লা সদর দক্ষিণ থানার নাছিমা আক্তার (২৪) পূর্বপরিচিত ছিলেন। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি গোপালপুর গ্রামে নিয়ে মাহিন নাছিমাকে ধর্ষণ করেন। পরে গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ফজলে রাব্বী বাদী হয়ে মহিন উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ২০১৯ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।
আইনজীবী আরও বলেন, রায়ের পর মাহিনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
