যশোরে পথচারীকে বাঁচাতে গিয়ে গাছে বাইকের ধাক্কা, নিহত ২ বন্ধু
বেনাপোল থেকে ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু।
যশোরের শার্শায় মানসিক প্রতিবন্ধী পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহতরা হলেন গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫)। ফারুক যশোর সদর থানার গাজী পাড়া সদর ইউনিয়নের আব্দুর জলিলের ছেলে ও রানা যশোর সদর ইউনিয়ন ঘোপ সেন্ট্রাল রোডের ছোবহান সরদারের ছেলে।
আহত রাজ কুমার রাজন (৩০) মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মামুন বলেন, বেনাপোল থেকে ব্যবসায়িক কাজ সেরে তিন বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌছাঁলে মানসিক প্রতিবন্ধী এক পথচারী হঠাৎ সড়কে চলে আসেন।
তাকে বাঁচাতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন।
খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় ফারুক ও রাজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। আহত রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
