টাঙ্গাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত
মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের ডান পাশের দরজায় গিয়ে লাগে।
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার ব্রাক্ষানশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান।
নিহত ২০ বছর বয়সী মো. আশরাফুল ইসলাম রাফি ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। তিনি উপজেলার ব্রাক্ষানশাসন এলাকার মো. জুয়েল হোসেন বাবলুর ছেলে। বাবলু র্যাব এ কর্মরত আছেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রাফি হামিদপুর থেকে মোটরসাইকেল নিয়ে ঘাটাইল শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের ডান পাশের দরজায় গিয়ে ধাক্কা লাগে।
“এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও রাফি মহাসড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি লোকমান হোসেন আরও জানান, দুর্ঘটনার পরে প্রাইভেট কারটি রেখে চালক ও এর যাত্রীরা পালিয়ে যায়। গাড়িটি আটক করা হয়েছে।
