০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, বাসে আগুন

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 04:17 PM

Updated : 05 Nov 2026, 04:17 PM

জয়পুরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী তরুণ নিহত ও দুইজন আহত হয়েছেন। পরে বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার সকালে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়ার বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী।

নিহত আশিফ হোসেন (১৭) জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের এমরান হোসেনের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের উপপ্রধান শরিফ ইসলাম বলেন, জয়পুরহাট থেকে ছাড়া ‘জে আর পরিবহনের’ বাসটি পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে দুর্ঘটনার পরপরই বাসের যাত্রী ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন এবং বাসটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। এতে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।