২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্রে আগুন

ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 04:01 PM

Updated : 24 Nov 2026, 04:01 PM

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাঙচুর করে আসবাবপত্র-মালামাল আগুনে পুড়িয়ে দিয়েছে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরতরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে৷

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রমিক আন্দোলন চলছিল, এ সময় শ্রমিকদের সঙ্গে বহিরাগতরাও যুক্ত হয়৷ এরপর তারা মহাসড়ক অবরোধ করে, একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়৷

এসময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিল মালামাল বের করে মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেয়৷

ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়।

বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।