৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ মাগুরার নেতৃত্বে তাপস-নাজলী

‘তাই ব’লেই কি রইবি থেমে’ প্রতিপাদ্যে দ্বিবার্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 08:48 PM

Updated : 30 Oct 2026, 08:48 PM

‘তাই ব’লেই কি রইবি থেমে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে তাপস মজুমদারকে সভাপতি এবং নাজলী শামীমা আখতার লাবনীকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট মাগুরা শাখা কমিটি গঠন করা হয়।

শুক্রবার শহরের কলেজ রোডস্থ ‘কণ্ঠবীথি’ কার্যালয়ে প্রবীণ রবীন্দ্র সংগীত শিল্পী ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অশোক সাহা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিদায়ী সভাপতি মাজহারুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডা. যুথী সরকার, অধ্যাপক উত্তম কুমার গাইন, বিশ্বজিৎ চক্রবর্তী ও ডলি পারভীন।

উদ্বোধনী পর্ব শেষে জাতীয় সংগীত ও বোধন সংগীতের পাশাপাশি শাখা শিল্পীদের অংশগ্রহণে ‘তাই ব’লেই কি রইবি থেমে’ শীর্ষক গীতি আলেখ্য পরিবেশিত হয়।

দুপুরে সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় সহসভাপতি অশোক সাহা নতুন কমিটির নাম ঘোষণা করেন।

২১ সদস্যের কমিটিতে সহসভাপতি হিসেবে আশরাফুল আলম শিমুল, সবিতা দাশ ও আব্দুর রমিম; সাংগঠনিক সম্পাদক মাহমুদ ফজল; কোষাধ্যক্ষ সোনালী বিশ্বাস; প্রচার সম্পাদক জয়ন্ত জোয়ার্দার; দপ্তর সম্পাদক সঙ্গীতা বাড়ই এবং অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ খান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাজহারুল হক লিপু, মোখলেছুর রহমান, রুবায়েত ফিরোজ, সোহেলী শাহানাজ স্বপ্না, মুসতাক আহমেদ, তুষার প্রসূন, তাজমির ইসলাম, দীপ্তি চাকি, রীতা সাহা ও অমৃতা বিশ্বাস রিয়া।

এ ছাড়া অ্যাডভোকেট শিব প্রসাদ ভট্টাচার্য, অধ্যাপক উত্তম কুমার গাইন, ডা. যুথী সরকার, অ্যাডভোকেট আফিয়া আক্তার বাণী এবং খান রকিবুল হককে কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়।