বাড়ির উঠানে কৃষকের গলাকাটা লাশ, স্ত্রীসহ আটক ২
নিজ বাড়ির উঠানে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পাবনার আটঘরিয়ায় বাড়ির উঠান থেকে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জুমাইখিরি গ্রামে নিজ বাড়ির উঠান থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয় বলে আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলহাজ মিয়ার (৩০) স্ত্রী এবং ইসমাইল হোসেন নামে প্রতিবেশি এক যুবককে আটক করে পুলিশ।
ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে কৃষক আলহাজ মিয়াকে তার বাড়ির উঠানে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
