২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে দুই বেকারি মালিককে দেড় লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ রং, কেমিক্যাল, ডালডা, স্যাকারিন ও গুড়া দুধ ব্যবহার করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে এ জরিমানা করা হয়।

নীলফামারীতে দুই বেকারি মালিককে দেড় লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুই বেকারিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 09:43 PM

Updated : 20 Jul 2023, 09:43 PM

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুই বেকারি মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার নীলফামারীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামসুল হক জানান, সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে রংপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক শামসুল হক বলেন, সৈয়দপুরের বিভিন্ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে খাদ্য পণ্য তৈরি হচ্ছে এমন গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়।

তিনি বলেন, “মানবদেহের জন্য ক্ষতিকর রং, নিষিদ্ধ কেমিক্যাল, পচা ডিম, নিম্নমানের চর্বি মিশানো ডালডা, স্যাকারিন ও গুড়া দুধ ব্যবহার করে বেকারির খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে আশা বেকারি ও সোনালী বেকারিকে জরিমানা করা হয়।”

শামসুল হক আরও বলেন, “এ সময় আশা বেকারির মালিককে এক লাখ ২০ হাজার টাকা এবং সোনালী বেকারিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।”

এর পাশাপাশি তাদের সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ওই দুই বেকারি মালিক জরিমানার অর্থ পরিশোধ করেন বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দীন, নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয়চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন ও সৈয়দপুর থানা কয়েকজন পুলিশ সদস্য।