গাজীপুরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, আটক ২০
নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা ও আটকদের মুক্তির দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
গাজীপুর জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় নেতা-কর্মীদের লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও অন্তত ২০ জনকে আটক করে পুলিশ।
কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে শনিবার বিকালে জেলা কার্যালয়ে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম আকন্দ বলেন, বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে পার্টি অফিসের দিকে আসার পথে শহরের রাজবাড়ি সড়কে পুলিশ তাদের বাধা দেয়।
তার অভিযোগ, “এক পর্যায়ে নেতা-কর্মীদের ওপর পুলিশ অতর্কিতে লাঠিচার্জ শুরু করে এবং কাঁদানে গ্যাস ও গুলিবর্ষণ করতে থাকে।”
এ সময় অন্তত ১১ নেতা-কর্মী আহত এবং বেশ কয়েকজন পুলিশের হাতে আটক হন বলে দাবি তার।
তবে তাৎক্ষণিকভাবে আহত ও আটকদের নাম জানাতে পারেননি তিনি।
এর আগে জেলা কার্যালয়ের বারান্দায় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাজহারুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সাবেক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান এলিচসহ কিছু নেতা-কর্মীকে নিয়ে সমাবেশ চলছিল।
জেলা নেতাদের অভিযোগ, পুলিশ সভাস্থলের চারপাশ ঘোরাও করে রাখে এবং কার্যালয়ে ঢুকতে বাধা দেয়।
সেলিমা রহমানের অভিযোগ, “পুলিশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনে সুযোগ দিলেও বিএনপিকে বাধা দিচ্ছে।”
তিনি নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা ও আটকদের মুক্তির দাবি জানান।
গাজীপুর মহানগর পুলিশের এডিসি মো. রেজওয়ান আহমেদ জানান, মিছিলকারীরা শহরের রাজবাড়ি সড়কে লেগুনা ভাংচুর এবং এর চালকের ওপর হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে গেলে পুলিশের ওপরও হামলা চালায় মিছিলকারীর।
“পরে পুলিশ লাঠিপেটা ও দুটি কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই পুলিশ ও লেগুনার চালক আহত হন।”
সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান, মিছিলকারীদের হামলায় কনস্টেবল মিন্টু এবং নায়েক মো. জহির উদ্দিন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
“পুলিশ ঘটনাস্থল ও আশপাশে থেকে ২০ জনকে আটক করে।”
গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি জিয়াউল ইসলাম।
