২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কৌতূহলবশত’ কীটনাশক পানে ৫ শিশু হাসপাতালে

ঘরের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা বোতল থেকে ওষুধ নখ দিয়ে বের করে তারা মুখে দেয় বলে জানায় পরিবার।

‘কৌতূহলবশত’ কীটনাশক পানে ৫ শিশু হাসপাতালে

অসুস্থ পাঁচ শিশুকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 01:16 AM

Updated : 02 Jan 2024, 02:03 AM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কীটনাশক পানে ৫ শিশু অসুস্থ হয়েছে। তারা কৌতূহলবশত ঘরের বেড়ায় ঝুলিয়ে রাখা বোতল থেকে বিষ পান করেন বলে দাবি পরিবারের।

সোমবার সন্ধ্যায় বিষয়টি টের পেয়ে তাদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান।

অসুস্থ শিশুরা হলো- সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), একই গ্রামের হবিবর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুল ইসলামের মেয়ে মরিয়ম আকতার (৪), হাবিল মিয়ার ছেলে নাজিম মিয়া (৪) ও জেলাল উদ্দিনের মেয়ে জাফরিন আকতার (৩)।

অসুস্থ শিশুদের পরিবার জানায়, সকালে একই গ্রামের কৃষক হামিদুল ইসলাম তার ভুট্টা ক্ষেত পোকার আক্রমণ থেকে রক্ষায় কীটনাশক প্রয়োগ করেন। পরে কীটনাশকের বোতলটি বাড়িতে ঘরের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।

সন্ধ্যায় মরিয়ম ও প্রতিবেশী চার শিশু অসুস্থ হয়ে পড়ে। তখন তারা জানতে পারেন, বিকালে খেলার সময় ওই শিশুরা কৌতূহলবশত বেড়ার সঙ্গে ঝুলিয়ে থাকা ওই বোতলের ওষুধ নখ দিয়ে বের করে মুখে দেয়। এরপর থেকে তাদের খারাপ লাগা শুরু হয়।

বিষয়টি স্বজনরা বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

চিকিৎসক মুহাম্মদ আনিসুর রহমান জানান, ওই পাঁচ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।