সাভারে ‘ছিনতাইকারী’দের ছুরিকাঘাতে পথচারী নিহত
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাস থেকে নামার পরই হিমেল ছিনতাইকারীদের কবলে পড়েন।
ঢাকার সাভার উপজেলায় ‘ছিনতাইকারী’দের ছুরিকাঘাতে পথচারী এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাছে মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম।
নিহত আবু সাঈদ হিমেল (২১) সাভার পৌর এলাকার বিনোদ বাইদ মহল্লার কামাল হোসেনের ছেলে। তিনি নীলক্ষেতে একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই তরুণ ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হলে কয়েকজন এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই আহত তরুণ প্রাণ হারানোয় ঢাকা-আরিচা মহাসড়কের ওপর মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক রাশিদুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাস থেকে নামার পরই হিমেল ছিনতাইকারীদের কবলে পড়েন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
