বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত
তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন.বিএইচডিতে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে।
তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে লটারির মাধ্যমে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন আবেদন করেন। তাদের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। তাদের তালিকা শিগগিরই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।
এই ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক অনুষ্ঠানে বলেন, “বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি প্রেরণের যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
“পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষিত 'জিরো কস্টে' কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।”
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, “সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে এই প্রথমবারের মত লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে কাজ করে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য ফ্লাইট শুরু হবে।
এ ছাড়া বোয়েসেল পর্যটন, উৎপাদন ও পরিচর্যা খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বলে জানান তিনি।
এসব কর্মীর চিকিৎসা পরীক্ষা, বিমানভাড়াসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে তারাও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
