০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গণপূর্তে লটারিতে বদলির সিদ্ধান্তকে বিতর্কিত করার চেষ্টা চলছে: মন্ত্রণালয়

“অনুমাননির্ভর এসব অভিযোগের মাধ্যমে একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।“

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 12:33 AM

Updated : 05 Nov 2026, 12:33 AM

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলি ও দায়িত্ব বন্টন লটারি পদ্ধতিতে করার ক্ষেত্রে ‘অনিয়মের’ যেসব অভিযোগ কিছু সংবাদমাধ্যমে এসেছে তা ‘ভিত্তিহীন ও অসত্য’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, “এতে (প্রতিবেদনগুলোতে) গণপূর্ত অধিদপ্তরের সম্প্রতি প্রকৌশলীদের বদলি ও পদায়নের লটারি পদ্ধতিতে অনিয়ম, গ্রেডিং শিট পরিবর্তন, পূর্বনির্ধারিত পদায়ন এবং আর্থিক লেনদেনের অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের সমর্থনে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। অনুমাননির্ভর এসব অভিযোগের মাধ্যমে একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।“

বিজ্ঞপ্তিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এসব সংবাদ ও অভিযোগের প্রতিবাদ করে বলেছে, “গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত নীতিমালার ভিত্তিতে নিয়মতান্ত্রিকভাবে এ বদলি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।”

একই সঙ্গে লটারি কার্যক্রমটি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উন্মুক্ত পরিবেশে হযেছে এবং সচিবালয়ে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমগুলো এ লটারি কার্যক্রম সরাসরি সম্প্রচার করে বলেও এতে বলা হয।

প্রতিবাদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলেছে, কোনো বিষয়ে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে উত্থাপন করা প্রয়োজন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণপূর্ত অধিদপ্তরের বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ বহু পুরানো, তাদের মধ্যে অনিয়মের কোনো সুযোগ যাতে না থাকে, বদলি বাণিজ্যের যাতে কোন সুযোগ না থাকে সেই চেষ্টার অংশ হিসেবে প্রথম ধাপ হিসেবে প্রকৌশলদের বদলি লটারির মাধ্যমে শুরু করেছি।

“এখন লটারির মাধ্যমে চলমান বদলির সিদ্ধান্তকে বিতর্কিত করতে ভুঁইফোর পত্রিকার আশ্রয় নিয়েছে কিছু অসৎ প্রকৌশলী। আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছি, এতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।"

পুরনো খবর:

লটারির মাধ্যমে গণপূর্তের আরো ২৫৪ প্রকৌশলীকে বদলি
প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীকে বদলি