০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

“লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে,” বলেন অতিরিক্ত সচিব সারোয়ার আলম।

প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে উপ-সহকারী প্রকৌশলীদের বদলিতে লটারি কার্যক্রম পরিচালিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 07:43 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে।

সরকারের উন্নয়ন কার্যক্রমে ‘স্বচ্ছতা’, ‘জবাবদিহিতা’ ও ‘গতিশীলতা নিশ্চিত করা’র পাশাপাশি সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে এভাবে বদলি করা হয়েছে বলে দাবি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, এ লটারিভিত্তিক বদলি কার্যক্রমের মাধ্যমে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থায় বদলি ও পদায়নের ক্ষেত্রে ‘স্বচ্ছতা ও নিরপেক্ষতার’ একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এদিন রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আট বিভাগের এসব উপ-সহকারী প্রকৌশলীর (সিভিল) পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়।

পুরো লটারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।

লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। 

এ বিষয়ে সারোয়ার আলম বলেন, “লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হল।”

লটারিভিত্তিক বদলি কার্যক্রমের সঙ্গে যুক্ত গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, “প্রথমবারের মতো এ ধরনের লটারিভিত্তিক বদলি কার্যক্রম প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশরাফুল হক, মো. আলমগীর খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান, গণপূর্ত অধিদপ্তরের অন্যান্য প্রকৌশলী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।