রাতে ‘চা খেতে বের হওয়া’ কলেজ ছাত্রের লাশ মিলল সকালে
ওসি জানান, ভারি কিছুর আঘাতে তার মাথার সামনের অংশ থেতলে দেওয়া হয়েছে এবং চোখ উপড়ে ফেলা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের খাবারের পর ‘বাজারে চা খাওয়ার কথা’ বলে বের হওয়া এক কলেজ ছাত্রের লাশ বাড়ির পাশের ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।
নিহত মো. স্বপন (১৯) ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। চলতি বছর কামারখন্দ উপজেলার হাজী কোরপ আলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন স্বপন।
স্বপনের বাবা শফিকুল ইসলাম জানান, “বুধবার রাতের খাবার শেষে বাজারে চা খাওয়ার কথা বলে স্বপন বাসা থেকে বের হয়। এরপর গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় আমরা অনেক খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাইনি।”
ওই সময় ছেলের ব্যবহৃত মোবাইলটিও বন্ধ ছিল বলে জানান তিনি।
পরে বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে ক্ষেতের মধ্যে একটি শ্যালো ঘরের পাশে স্বপনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ওসি আসিফ বলেন, সংবাদ পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। ভারী কিছুর আঘাতে তার মাথার সামনের অংশ থেতলে দেওয়া হয়েছে এবং চোখ উপড়ে ফেলা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, স্বজনরা হত্যাকাণ্ডের কারণ সর্ম্পকে কিছু জানাতে পারছে না। হত্যার রহস্য উদ্ঘাটনে সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
