২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল নিয়ে এলেও বিএনপির মঞ্চে ছিলেন না খুলনার মঞ্জু

বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলের কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।

মিছিল নিয়ে এলেও বিএনপির মঞ্চে ছিলেন না খুলনার মঞ্জু

খুলনার বিভাগীয় গণসমাবেশের মঞ্চের সামনে নেতাকর্মীদের মধ্যে বসে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ হারানো নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 11:21 PM

Updated : 23 Oct 2022, 01:31 PM

মাঠে থাকার ঘোষণা দেওয়ার পর মিছিল নিয়ে খুলনার বিভাগীয় গণসমাবেশে এলেও মঞ্চে ছিলেন না বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ হারানো নজরুল ইসলাম মঞ্জু।

শনিবার দুপুর ১২টার দিকে সঙ্গীতা সিনেমা হল মোড় থেকে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির নেতৃত্বে একটি মিছিল সমাবেশস্থলে আসে।

এই মিছিলে মহানগর, এর অধীন পাঁচটি থানা কমিটির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির সাবেক নেতারা অংশ নেন বলে বিএনপি নেতারা জানান।

নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীদের বেশির ভাগের ধারণা ছিল, হয়তো তিনি সমাবেশের মঞ্চে থাকবেন। কিন্তু তাকে মঞ্চে না দেখে তারা হতাশ হয়েছেন।

মঞ্জুর অনুসারী হিসেবে পরিচিত নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, গত বছরের ৯ ডিসেম্বর নগর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা হলে বাদ পড়েন মঞ্জু ও তার অনুসারীরা। দলের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনও করেন তারা।

এর পরিপ্রেক্ষিতে ২৫ ডিসেম্বর মঞ্জুকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে নগর বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, পাঁচটি থানার সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কমিটির পাঁচ শতাধিক নেতা পদত্যাগ করেন। এরপর থেকেই দলীয় কর্মসূচিতে আর দেখা যায়নি মঞ্জু ও তার সমর্থকদের।

খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নেতাকর্মীদের ‘হত্যা’ ও ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে বিভাগীয় শহরগুলোতে ডাকা বিএনপির গণসমাবেশের ধারাবাহিকতায় খুলনায় কর্মসূচি ঘোষিত হওয়ার পর সেখানে যোগদানের ঘোষণা দেন নজরুল ইসলাম মঞ্জু। গণসমাবেশের দুদিন আগে বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।  

সেই ঘোষণা অনুযায়ী সমাবেশে এলেও মঞ্জুকে ‘মূল্যায়ন করা হয়নি’ বলে আক্ষেপ করেন খুলনা নগর বিএনপির এক নেতা।

তিনি বলেন, “খুলনায় নজরুল ইসলাম মঞ্জু ব্যাপক জনপ্রিয় নেতা। আমরা আশা করেছিলাম, মঞ্চে কেন্দ্রীয় নেতাদের পাশে তিনি থাকবেন। তাকে মঞ্চে দেখতে না পেয়ে আশাহত হয়েছি। তাকে মূল্যায়ন করা হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সাড়ে ১০ মাস পর বিএনপির কর্মসূচিতে ফিরে এসেছি। আমরা সবকিছুই কেন্দ্রের ওপর ন্যস্ত করেছি। আমাদের মঞ্চে নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় বিএনপির।”

“আমরা তিনটি আবেদনপত্র মহাসচিবের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। সেখানে আমরা দলীয় কর্মকাণ্ডে ফিরে যাওয়ার কথা বলেছি।”

মঞ্জু আরও বলেন, “খুলনায় গণসমাবেশ ঘোষণার পর দলের মহাসচিব আমাদেরকে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আমরা তিনটি বৈঠক করে তার আহ্বানে সাড়া দেই। তারপর সংবাদ সম্মেলন করে কর্মসূচিতে ফেরার ঘোষণা দেই।”

“এখন দল যদি মনে করে আমাদের প্রয়োজন, তাহলে সেভাবে গ্রহণ করবে। আর যদি মনে করে আমাদের প্রয়োজন নেই, তাহলে সেটা জানিয়ে দিলে আমরা আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়ে ভাববো,” যোগ করেন এই বিএনপি নেতা।

আরও পড়ুন:

পুরনো খবর:

বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ হারালেন খুলনার মঞ্জু
সময় আছে, নিরাপদে সরে যান: সরকারকে ফখরুল

খুলনার সমাবেশে খালেদা জিয়ার সম্মানে ফাঁকা চেয়ার

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

যোগাযোগ বিচ্ছিন্ন খুলনায় হেঁটেই সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা

বাস, লঞ্চের পর বন্ধ করা হলো খুলনার রূপসা ও জেলখানা ঘাট

খুলনার পথে বিএনপিকর্মীরা, পথে পথে বাধার অভিযোগ