২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ হারালেন খুলনার মঞ্জু

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) পদ থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 01:19 AM

Updated : 25 Jul 2022, 05:27 PM

শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ অব্যাহতির কথা জানানো হয়।

একইসঙ্গে দলের সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৯ ডিসেম্বর খুলনা মহানগর কমিটির সভাপতি মঞ্জুসহ শীর্ষ সব নেতাকে বাদ দিয়ে হঠাৎ করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। এরপর থেকে খুলনায় দলটির রাজনীতিতে বিভক্তি তৈরি হয়।

ওই কমিটি গঠনের বিরুদ্ধে জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করেন নজরুল ইসলাম মঞ্জু।

শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে দেওয়া খুলনা মহানগর কমিটি পুনরায় মূল্যায়নের দাবিও জানিয়েছিলেন তিনি। এরপরই এই অব্যাহতি পত্র গেল কেন্দ্র থেকে।

তার প্রতি অবিচার করা হয়েছে দাবি করে শনিবার রাতে এ বিষয়ে খুলনা বিএনপির নেতা মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠি পেয়েছি এবং এতে আমি ব্যথিত হয়েছি। আমার প্রতি অবিচার করা হয়েছে।

“৪৪ বছর রাজনীতি করে বিএনপিকে টিকিয়ে রাখার 'পুরস্কার' দেওয়া হয়েছে আমাকে। তারপরও বলছি, যত দিন বেঁচে থাকব, আমি বিএনপি করবো।“