২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে শ্রমিক নেতার মৃত্যু: হত্যা মামলায় বিএনপির ৪০০ জন

লালমনিরহাটে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানায় পুলিশ।

হরতালে শ্রমিক নেতার মৃত্যু: হত্যা মামলায় বিএনপির ৪০০ জন

নিহত জাহাঙ্গীর হোসেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 08:37 PM

Updated : 02 Nov 2023, 08:37 PM

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় সংঘর্ষে লালমনিরহাটে শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।

বুধবার আওয়ামী লীগের এক নেতা বিএনপির ৮১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলাটি করেন বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জাহাঙ্গীর আলম।

মামলায় প্রধান আসামি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুকে প্ররোচনাদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।

নিহত জাহাঙ্গীর (৪৮) লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি মহেন্দ্রনগর বাফার গোউনের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ওসি ওমর ফারুক জানান, নিহতের বাল্যবন্ধু পরিচয়ে মামলাটি করেছেন সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীরচওড়া গ্রামের আমিনুল ইসলাম খান (৪৫)। তিনি হারাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

জাহাঙ্গীরের স্ত্রী আফরোজা বেগম বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এ কারণে আমিনুলকে মামলার বাদী হতে সম্মতি দেওয়া হয়েছে।

এ সময় তিনি জাহাঙ্গীরকে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক স্বপন কুমার।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, “জাহাঙ্গীরকে যারা হত্যা করেছে তারা জঘন্য অপরাধ করেছে। এ হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ও ইন্ধন জুগিয়েছেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।”

এর আগে রোববার বিএনপি-জামায়াতের ডাকা হরতালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আলমসহ চারজন আহত হন।

আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান বলে জানায় পুলিশ।

আরও পড়ুন:

পুরনো খবর:

হরতালে লালমনিরহাটে শ্রমিক নেতার মৃত্যু: আটক ৫
লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষ: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা