২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে লালমনিরহাটে শ্রমিক নেতার মৃত্যু: আটক ৫

সোমবার বিকালে সদর থানার ওসি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।

হরতালে লালমনিরহাটে শ্রমিক নেতার মৃত্যু: আটক ৫

লালমনিরহাট জেলা সদর ছাড়াও সংঘাত হয়েছে আদিতমারী উপজেলাতেও। সেখানে বিএনপি কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে আওয়ামী লীগের কর্মীরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 08:32 PM

Updated : 30 Oct 2023, 08:32 PM

গত রোববার সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে লালমনিরহাটে শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে আটক করছে পুলিশ।

সোমবার বিকালে সদর থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে সন্দেহজনকভাবে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হরতালের সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলার সময়ে জাহাঙ্গীরসহ চারজন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ গিয়ে শর্টগানের গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। জাহাঙ্গীরসহ তিনজনের অবস্থার উন্নতি না হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান জাহাঙ্গীর।

নিহত জাহাঙ্গীর লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি মহেন্দ্রনগর বাফার গোউনের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন।

এদিকে, রংপুরে চিকিৎসাধীন আহত রাজু ও বাবলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, হরতালের সমর্থনে জেলার বিভিন্ন উপজেলায় হামলা, ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষ: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা