২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’ বলা ইউপি চেয়ারম্যান ক্ষমা চেয়ে গুনলেন জরিমানা

নির্বাহী হাকিম বলেন, বিধি বহির্ভূত উসকানিমূলক বক্তব্যের অপরাধে আব্দুর রউফকে জরিমানা করা হয়েছে।

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’ বলা ইউপি চেয়ারম্যান ক্ষমা চেয়ে গুনলেন জরিমানা

আব্দুর রউফ

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 05:59 PM

Updated : 14 Dec 2023, 06:17 PM

টাঙ্গাইলের মির্জাপুরে ‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’ বলা ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বক্তব্যের জন্য তিনি নির্বাহী হাকিমের কাছে ক্ষমাও চেয়েছেন।

গত বুধবার সন্ধ্যায় তাকে এ জরিমানা করা হয় বলে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান।

নির্বাহী হাকিম বলেন, বিধি বহির্ভূত উসকানিমূলক বক্তব্যের অপরাধে আব্দুর রউফকে জরিমানা করা হয়েছে।

গত রোববার রাতে ফতেপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ গ্রামের একটি ধর্মীয় মাহফিলে বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, “বিএনপির ভাইয়েরা নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নাই। কারণ, আমাদের দুটিই আওয়ামী লীগের প্রার্থী। আমরা ভোট দিয়ে যাকে মনোনীত করব, তিনিই এমপি হবেন। কারণ, জননেত্রী শেখ হাসিনা যাকে প্রতীক দিয়েছেন, উনিই যদি এমপি হন, তাহলে আমি অনেক কাজ করতে পারব।”

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ফের নির্বাচন করছেন।

আর মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী।

এদিকে, আব্দুর রউফ মিয়া ২০১৭ সালে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে  চেয়ারম্যান নির্বাচিত হন।

ওই বছরই একটি অনুষ্ঠানে অংশ নিয়ে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য (প্রয়াত) মো. একাব্বর হোসেনের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

পরে ২০২১ সালে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান।

তিনি দীর্ঘদিন একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।

গত রোববার রাতে ফতেপুর উত্তরপাড়া গ্রামে ধর্মীয় মাহফিলে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে।

বক্তব্যের বিষয়ে আব্দুর রউফ বলেন, “আমার বিরুদ্ধে লোক আছে। আমিতো এমপির পক্ষে নির্বাচন করতেছি। আর যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করছে, তারা আমার বক্তব্য কেটে কেটে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।”

যদিও নির্বাহী হাকিমের সামনে আব্দুর রউফ তার ওই বক্তব্যের জন্য দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটন বলেন, “নির্বাচনে যেকোনো ভোটার ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। বিএনপিকে ভোটকেন্দ্রে না আসার ব্যাপারে মন্তব্য করা সভাপতির ঠিক হয়নি।”