নারায়ণগঞ্জে দিন-দুপুরে অস্ত্র নিয়ে এসে সোনার দোকানে লুট
এ ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় দিন-দুপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক দেবাশীষ ঢালী সাংবাদিকদের বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ তার দোকানে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করে। পরে দোকানে থাকা এক নারী ক্রেতার কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা আরও প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।
এ ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, মুখে কাপড় বেঁধে কয়েকজন ব্যক্তি স্বর্ণের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা মালামালের পাশাপাশি এক নারী ক্রেতার কাছ থেকে গহনা লুট করতে দেখা গেছে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, “এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারও করেছে। অপর আসামিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
