২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

এই ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

দিনাজপুরের চিরিরবন্দর থানা

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 12:24 PM

Updated : 11 Apr 2023, 12:24 PM

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ইছামতি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চিরিরবন্দর থানার ওসি বজলুর রশীদ। 

নিহত প্রশান্ত রায় (১৫) চিরিরবন্দরের আলোকডিহি ইউনিয়নের সেনপাড়ার শ্যামল রায়ের ছেলে। প্রশান্ত আলোকডিহি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বজলুর রশীদ জানান- সকালে প্রশান্ত সাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে রানীরবন্দরের দিনাজপুর-রংপুর মহাসড়কে ইছামতি ডিগ্রি কলেজের সামনে মালবাহী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। 

“এতে ঘটনাস্থলেই প্রশান্তের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। এই ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।” 

ওসি বজলুর রশিদ আরও জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।