যুবলীগ নেতার কব্জি কর্তন: আওয়ামী লীগ নেতা কারাগারে
মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের জামিন হয়েছে।
নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর ডান হাতের কব্জি কেটে দেওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তুজা আলী বাবলুকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম তাকে কারাগারে রাখার আদেশ দেন বলে জেলা আদালতের পিপি সিরাজুল ইসলাম জানান।
এর আগে বাবলুসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মামলার প্রধান আসামি শরিফুল ইসলাম রমজানসহ চারজন আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত বাবলু বাদে বাকিদের জামিন মঞ্জুর করেছে।
জেলা শহরের বলাড়ীপাড়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে গত রোববার রাত ১০টার দিকে ৩ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। হামলাকারীরা তার ডান হাতের কব্জি কেটে ফেলে। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আরও পাঁচজন আহত হন।
পরে সোমবার রাত ১২টার দিকে মিঠুনের ছোট ভাই মো. স্বপ্ন বাদশা সদর থানায় মামলা করেন; তাতে শরিফুল ইসলাম রমজানকে প্রধান আসামি করে ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় বলে সদর থানার এসআই মো. সাজ্জাদ হোসেন জানিয়েছিলেন।
মামলায় অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়; এরই মধ্যে এজাহারভুক্ত ছয় আাসামি গ্রেপ্তার হয়েছেন।
