১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাত্রলীগ সন্দেহে’ ছাত্র ইউনিয়ন নেতাকে তুলে নিয়ে ১১ ঘণ্টা পর মুক্তি

এ সময় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 08:14 PM

Updated : 18 Nov 2026, 08:14 PM

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে গভীর রাতে কক্সবাজার জেলা শহরের বাসা থেকে ছাত্র ইউনিয়নের এক কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে।

কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাফায়েল উল্লাহকে (২৩) মঙ্গলবার রাত ২টায় বাসা থেকে তুলে নিয়ে যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় ১১ ঘণ্টা পর বুধবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছিল। পরে যখন দেখেছে ছাত্র ইউনিয়ন করে, তখন অভিভাবকের জিম্মায় দিয়ে দিয়েছে।”

রাফায়েল বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহর ছেলে। করিম উল্লাহ নিজেও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির রাজনীতির পাশাপাশি জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাফায়েলের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত ২টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাহারছড়ার বিমানবন্দর সড়কের বাসা থেকে তাকে নিয়ে যায় পুলিশ।

ছেলেকে তুলে নেওয়ার পর বুধবার রাত ৩টার দিকে নিজের ফিইসবুক আইডিতে একটি পোস্ট দেন করিম উল্লাহ। সেখানে তিনি লেখেন, “কোনো ধরনের কারণ ছাড়া আমার ছেলে ছাত্র ইউনিয়ন নেতা রাফায়েল উল্লাহকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।”

করিম উল্লাহর অভিযোগ, পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতিবাদী ভূমিকার কারণে তাকে চাপে রাখতে একটি পক্ষ তার ছেলেকে তুলে নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল করে পৌরসভার সড়ক নির্মাণ, সৈকতে দোকানপাট তৈরি এবং নদী ও প্যারাবন দখলের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন। সম্প্রতি সৈকতের ঝাউগাছ কেটে পর্যটন করপোরেশনের বিচ কার্নিভ্যাল আয়োজনের বিরুদ্ধেও কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিয়েছেন।

করিম উল্লাহ বলেন, “সম্ভবত আমাকে থামানোর জন্যই কোনো পক্ষ ছেলেকে তুলে নিয়ে গেছে। পুলিশের সন্দেহ ছিল, আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে রাফায়েল ছাত্র ইউনিয়নের নেতা ও ‘জুলাই যোদ্ধা’- এ তথ্য জানার পর পুলিশের একজন কর্মকর্তা আমাকে ফোন করে ছেলেকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন।”

দুপুরে মুক্তির পর রাফায়েল উল্লাহ রোহান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, রাত ২টার দিকে বাসার নিচে দরজায় জোরে ধাক্কাধাক্কির শব্দ শুনে তিনি প্রথমে চোর এসেছে মনে করেছিলেন। এ কারণে একটি লাঠি নিয়ে নিচে নামেন।

“নিচে গিয়ে দেখি পুলিশ। আমার নামে কোনো মামলা নেই, ওয়ারেন্টও নেই। তাই সাহস করেই নিচে নেমেছিলাম। প্রথমে ওরা আব্বুর সঙ্গে কথা বলে। আব্বুকে গাড়িতে করে নিয়ে যাবে মনে করে আমি উপরে গিয়ে তাকে সময় দিই। পরে পুলিশ আমাকে ডাকলে কথা বলতে বলতে টেনে নিয়ে যায় থানায়।”

তবে থানায় তাকে কোনো ধরনের শারীরিক নির্যাতন বা হয়রানি করা হয়নি বলে জানান রাফায়েল।

বুধবার দুপুর দেড়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাফায়েল রাজনৈতিক কোনো কারণে আটক হয়েছিলেন কি না, জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “না, অন্য বিষয় ছিল। রাজনৈতিকভাবে বলা হয়েছিল, পরে দেখা গেছে রাজনৈতিকভাবে না, ও তো ছাত্র ইউনিয়ন করে।”

পুলিশের নিয়মিত অভিযানে প্রতি রাতে ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান ওসি।

জুলাই আন্দোলনের মামলায় আসামি ছিলেন রাফায়েল

জুলাই গণঅভ্যুত্থানের সময় কক্সবাজারে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনায় করা একটি মামলায় ১০১ নম্বর আসামি ছিলেন রাফায়েল উল্লাহ। তবে ২০২৪ সালের ৫ অগাস্টের পর মামলাটি বাতিল হয়ে যায় বলে দাবি করেছেন রাফায়েল।

রাফায়েল বলেন, বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।