২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মাছের ঘের থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার ব্যক্তি নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী আপনের সহযোগী।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 01:00 AM

Updated : 04 Jul 2023, 01:05 AM

বাগেরহাটে এক চিংড়ি ঘের থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবু হানিফ হাওলাদার (৪০) নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী আপনের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে হানিফকে গ্রেপ্তার করা হয় বলে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে মাছের ঘেরের বাসা থেকে দুটি দেশি তৈরি শটগান ও একটি গুলি উদ্ধার করা হয়।”

সদরের কাড়াপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে হানিফ নিহত আপনের সহযোগী বলে উদ্ধার হওয়া অস্ত্রগুলি আপনের বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, “হানিফের কাছে আরও অবৈধ অস্ত্র রয়েছে কি না, জানতে তাকে রিমান্ডে চাওয়া হবে।”

হানিফের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মারামারিসহ নানা অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।

সোমবারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করবে পুলিশ।