২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জ সদরে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আপিলে না টিকলে সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন প্রথম ধাপে স্থগিত থাকবে; পরে নতুন তফসিল ঘোষণা করা হবে।

মুন্সীগঞ্জ সদরে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী আনিছউজ্জমান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 12:34 AM

Updated : 18 Apr 2024, 12:34 AM

মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী একমাত্র প্রার্থী আনিছউজ্জমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর ২টায় জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এ সময় ঋণখেলাপী সংক্রান্ত কারণে আনিছউজ্জামানের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ জানান, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যাংকের একজনের ঋণের জামিনদার ছিলেন আনিছউজ্জামান। পরে ওই ব্যক্তি ঋণখেলাপী হন। এ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

“তবে তিনি আপিলের সুযোগ পাবেন। আপিলে টিকলে তিনি প্রার্থী হবেন। অন্যথায় আগামী ৮ মে সদর উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত থাকবে। পরবর্তীতে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।”

ঘোষিত তফসিল অনুযায়ী, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। দুই উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।