১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ‘মাছ কাটা নিয়ে ঝগড়া’, স্ত্রীকে খুন করে থানায় স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।

কুমিল্লায় ‘মাছ কাটা নিয়ে ঝগড়া’, স্ত্রীকে খুন করে থানায় স্বামী
কুমিল্লার মুরাদনগরে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে ঘটনার বর্ণনা দেন বাছির উদ্দিন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 08:31 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়ার জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজে থানায় গিয়ে ঘটনার বর্ণনা দেন।

শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এ ঘটান ঘটে বলে জানান মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান।

নিহত মৌসুমী আক্তার (২৯) দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিনের মেয়ে ও বাছির উদ্দিনের স্ত্রী। থানায় আত্মসমর্পণ করা ৩৫ বছর বয়সি বাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের প্রয়াত আব্দুল মতিনের ছেলে।

প্রতিবেশীরা জানান, বাছির উদ্দিন একটি মেডিসিন কোম্পানির মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এরিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করেন। সেই সুবাদ স্ত্রী-সন্তান নিয়ে আড়াই বছর ধরে উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তারা।

দুপুরে কোম্পানীগঞ্জ বাজার থেকে পুটি মাছ কিনে নিয়ে বাসায় যান বাছির। বাসায় যেতেই মাছ কাটাকুটি করতে পারবে না বলে মৌসুমী মাছ স্বামীর ওপর ছুড়ে মারেন। এতে ক্ষিপ্ত হয়ে মৌসুমীর গলাচেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন বাছির। পরে নিজেই মুরাদনগর থানায় গিয়ে উপস্থিত হয়ে পুলিশকে স্ত্রী হত্যার বিষয়টি জানান।

থানায় গিয়ে বাছির পুলিশকে বলেন, নয় বছর আগে মৌসুমীর সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৪ বছর বয়সি জমজ দুই ছেলে-মেয়ে রয়েছে। 

তিনি বলেন, “সংসার জীবনে মৌসুমী আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে যন্ত্রণা দিত। তবে তাকে হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। বাজার থেকে আনা পুটি মাছ আমার ওপর ছুড়ে মারলে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে গলাটিপে হত্যা করি।”

ওসি জাহিদুর রহমান বলেন, “দুপুরের দিকে যখন বাছির থানায় এসে আমাকে জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন, তখন প্রথমে আমার বিশ্বাস হয়নি। তাৎক্ষণিক খোঁজ নিয়ে জানি ঘটনা সঠিক।

পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়; এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।