টেকনাফে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানায়।
কক্সবাজারের টেকনাফে বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন।
রোববার বিকালে টেকনাফের শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের হ্নীলা ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম।
নিহত মো. সালাউদ্দিন (৩৫) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেরুনতলী এলাকার আলী আকবরের ছেলে।
তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আব্দুল কাইয়ুম বলেন, বিকালে ওই এলাকায় যাত্রীবাহী একটি বাস নাইট্যং পাহাড়ের উঁচু পথ পার হচ্ছিল। এ সময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি পেছন দিকে নামতে থাকে।
“বাসটি পেছনে থাকা টেকনাফমুখি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।”
হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলে জানান মো. আব্দুল কাইয়ুম।
