১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ যাত্রী নিহত, আহত ৩

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 03:15 PM

Updated : 10 Oct 2026, 03:15 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় কলেজ শিক্ষকসহ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী চাকমারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নুরুল আবসার।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সজীব (৩৭) ও কক্সবাজারের রামু উপজেলার এনায়েত উল্লাহ (৩৫)।

আহতদের মধ্যে টেকনাফ মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক হেলাল উদ্দিনের (৩২) অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের পরিচয় মেলেনি।

পুলিশ কর্মকর্তা নুরুল আবসার বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাশের একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পালংখালী বাজারের ব্যবসায়ী আমিন উল্লাহ বলেন, তার চোখের সামনেই পিকআপ ও সিএনজির সংঘর্ষ হয়।

তার অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

নুরুল আবসার বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।