হবিগঞ্জে জামিনে মুক্তির পরই যুবদল-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তির পর পরই যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
তিন নেতা হলেন- জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও চুনারুঘাট উপজেলা যুবদলের সদস্যসচিব ও কাউন্সিলর জালাল মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ধুলিয়াখালস্থ জেলা কারাগারের ফটকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান।
যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান তিন নেতা। তাদের স্বাগত জানাতে কারা ফটকের সামনে জড়ো হন তাদের সমর্থক নেতাকর্মীরা।
কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল বলেন, ২০২২ সালে চুনারুঘাটে একটি নাশকতা মামলায় জালাল আহমেদ ও শাহ রাজীব আহমেদ রিংগনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, শায়েস্তানগরে পুলিশের ওপর হামলার মামলায় জালাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
