২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাড়ের সমস্যা নিয়ে এল শিশু, হল হার্নিয়ার অপারেশন

বরিশাল হাসপাতালের চিকিৎসক বলেন, “ওটিতে নেওয়ার পর যখন শিশুটিকে অজ্ঞান করা হয় তখন হার্নিয়ার সমস্যা প্রকট দেখা দেয়।”

ঘাড়ের সমস্যা নিয়ে এল শিশু, হল হার্নিয়ার অপারেশন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 11:42 PM

Updated : 24 Jul 2023, 11:42 PM

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুকে ঘাড়ের সমস্যা নিয়ে তার বাবা-মা ভর্তি করেছিলেন; চিকিৎসক সেই শিশুটির হার্নিয়ার অস্ত্রোপচার করেছেন।

শনিবার রাতে নগরীর লুৎফর রহমান সড়কের বাসিন্দা মো. শাহজালালের ছেলে মো. রায়হানের (৬) অস্ত্রোপচার হয়।

সোমবার সরকারি হাসপাতাল থেকে শিশুটির ছাড়পত্র দিলে বাইরে চিকিৎসার ব্যবস্থা করেন বাবা-মা। শাহজালাল একজন দরিদ্র দিনমজুর। তিনি ছোট্ট একটি বাসায় ভাড়া থাকেন।

সন্ধ্যায় শিশুটির মা সুমি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জন্মের সময় রায়হান ঘাড়ে আঘাত পায়। তার ঘাড়ের বাম পাশের একটি জায়গায় মাংস বেড়েছে। তাই রায়হান একটু ঘাড় বাঁকা করে হাঁটে।

এ কারণে ছেলেকে নিয়ে চিকিৎসকের কাছে যান শাহজালাল ও সুমি। চিকিৎসক রায়হানকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

এরপর ১৬ জুলাই রায়হানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক তোহিদুল ইসলাম ঘাড়ের অস্ত্রোপচারের জন্য বিভিন্ন পরীক্ষা দেন। হাসপাতাল থেকে করালে দেরি হবে ভেবে বাবা-মা বাইরে থেকে সব পরীক্ষা করেন।

শনিবার শিশুটির অস্ত্রোপচার হয়। তারপর তাকে পোস্ট অপারেটিভ বিভাগে নিয়ে রাখা হয়। চিকিৎসকের অনুমতি নিয়ে বাবা-মা যখন ছেলেকে দেখতে যান তখন দেখতে পারেন, তার ঘাড়ে নয়, তলপেটে কাটা দাগ রয়েছে।

শিশুটির মা সুমি বেগম বলেন, “আমি চিকিৎসকের কাছে জানতে চাইলে, তারা বলেন, আমার ছেলের হার্নিয়ার অপারেশন হয়েছে।”

“অথচ চিকিৎসকের সঙ্গে ছেলের হার্নিয়ার বিষয়ে কোনো কথাই হয়নি। আর তারা আমাদের না জানিয়ে তলপেটে অপারেশন করে ফেলল!

সুমি বেগম বলেন, “হঠাৎ করেই আজ (সোমবার) আমার অসুস্থ ছেলের নাম কেটে দিয়েছে। ছেলের যে সমস্যা তা না করে অন্য অপারেশন করেছে। এতে আমাদের অর্থ অপচয় হয়েছে। আরও কত ক্ষতি যে করেছে।”

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শিশুটিকে অন্য একজন চিকিৎসক দেলোয়ার হোসেনের কাছে নিয়ে যান বাবা-মা।

চিকিৎসক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির হার্নিয়া অপারেশন হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি। কী অস্ত্রোপচারের কথা বলে শিশুটিকে ভর্তি করা হয়েছিল সেই বিষয়টি আমি জানি না।”

শিশু রায়হানের বাবা শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রয়োজন ছাড়া তলপেটে কী অপারেশন করল তা তো আর আমরা বুঝব না। তবে আমার ছেলের যে সর্বনাশ হইছে তা বুঝতাছি। খুব আতঙ্কে আছি।

“যারা আমার ছেলের সঙ্গে এমনটা করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর আমার সন্তানের ভবিষ্যতে যে ক্ষতি হবে না তার নিশ্চয়তা দেওয়া হোক।

তিনি আরও বলেন, “অন্য ডাক্তারসহ হাসপাতালের যাদেরই জিজ্ঞাসা করছি তারা বলছেন, অভিভাবকদের অনুমতি ছাড়া কোনোকিছুই করতে পারে না ডাক্তাররা, তাহলে ঘাড়ের অপারেশনের কথা বলে না জিজ্ঞাসা করে তলপেটে অপারেশন করল কিভাবে?”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি অস্ত্রোপচারের কথা বলে আরেকটি কিভাবে করবে? এটা কাগজপত্র না দেখলে বুঝব না।”

সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে পরিচালক বলেন, “অভিযোগ পেলে খতিয়ে দেখব।”

এ বিষয়ে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির দুটি সমস্যা। ওটিতে নেওয়ার পর যখন তাকে অজ্ঞান করা হয় তখন হার্নিয়ার সমস্যা প্রকট দেখা দেয়। তখন সার্জন পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে হার্নিয়ার অস্ত্রোপচার করেছে।

“সার্জন হয়তো পরিবারের সঙ্গে ঠিকমতো কাউন্সেলিং করতে পারেননি। তাই ভুল বোঝাবুঝি হয়েছে।”

তবে শিশুটির বাবা শাহজালাল ও মা সুমি বেগম দুজনই বলেছেন, ছেলেকে ওটিতে নেওয়ার পর কোনো চিকিৎসক তাদের সঙ্গে এই ব্যাপারে কোনো কথাই বলেননি। অপারেশন শেষে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আনার পর তারা বিষয়টি জানতে পারেন।