মাদারীপুরে খালে ডুবে শিশুর মৃত্যু
সবার অগোচরে বাড়ির পাশের একটি খালে পড়ে যায় রাইসা।
মাদারীপুর সদরে খালের পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার রাস্তি ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
নিহত রাইসা মনি পশ্চিম রাস্তি গ্রামের রিপন চৌকিদারের মেয়ে।
পরিবারের বরাতে ওসি মনোয়ার বলেন, রাইসা সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে সে বাড়ির পাশের একটি খালে পড়ে যায়।
কিছুক্ষণ পর রাইসাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি এক পর্যায়ে খালে ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে তিনি জানান।
পরিবারের লোকজন রাইসাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মনোয়ার।
