২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা তত্ত্বাবধায়ক সরকার চায় না: পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকা চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে, বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আমেরিকা তত্ত্বাবধায়ক সরকার চায় না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শুক্রবার সিলেট নগরীতে মোমেন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 08:18 PM

Updated : 15 Apr 2023, 01:09 AM

 আমেরিকা বাংলাদেশের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে শুক্রবার সিলেটে তিনি বলেন, আমেরিকা চায় বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক; তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না। তারা দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়। 

বিকালে সিলেট নগরীতে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেদেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক প্রসঙ্গেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। 

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দাবি করছে, যা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে আসছে। 

যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে সহযোগী হতে চায় উল্লেখ করে মোমেন বলেন, “‌‌তাই আমাদের দিকে বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে। আমেরিকা চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”    

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন। 

“কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি; যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের কথা বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি আমেরিকা বলেছে।” 

এর আগে নগরীতে নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে মন্ত্রী নির্বাচন নিয়ে, এদেশের মানুষ নিয়ে কথা বলেন। 

আরও পড়ুন-

জনগণ খুব সেয়ানা: পররাষ্ট্রমন্ত্রী  

ওয়াশিংটনে ব্লিংকেনের সঙ্গে মোমেনের বৈঠক