২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ খুব সেয়ানা: পররাষ্ট্রমন্ত্রী

“সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।”

জনগণ খুব সেয়ানা: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 04:56 PM

Updated : 14 Apr 2023, 05:08 PM

নতুন বছরে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার সকালে সিলেট নগরীতে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হয়ে তিনি বলেন, নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।

এ সময় আগামী নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকার চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে শুধু সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।

“এ দেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনও ভুল করে না।”

সিলেটে সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। এতে অংশ নেয় সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গল শোভাযাত্রার পরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে- সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (ইফতারের সময়) সিলেট কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার/ইফতারের আয়োজন, সুবিধাজনক সময়ে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান/কারাবন্দিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন।

বিভাগীয় গণগ্রন্থাগারে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং দিনব্যাপী জাদুঘর ও পার্ক (ওসমানী জাদুঘর, হাসন রাজা জাদুঘর, শেখ হাসিনা শিশু পার্ক, ড্রিমল্যান্ড, ওসমানী শিশু উদ্যান ও অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড) সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

এদিকে, নতুন বছরকে বরণে প্রতি বছরের মত এবারও সকাল থেকেই নগরীর শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আনন্দলোক। আর ব্লু-বার্ড স্কুল মাঠে নাচে-গানে নতুন বছরকে স্বাগত জানায় শ্রুতি।

এসব আয়োজনে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে চারণ সংস্কৃতি কেন্দ্র।

এ ছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করছে।