০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনীতে চীনা লোকনৃত্য

শিশু-কিশোর ও চীনা শিক্ষার্থীদের এসব পরিবেশনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাততালি দিয়ে উৎসাহ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 06:25 PM

Updated : 05 Nov 2026, 06:25 PM

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির ক্ষুদে ক্রীড়াবিদদের আঞ্চলিক নৃত্য ও লোকসংগীতের পাশাপাশি পরিবেশিত হয় চীনা লোকনৃত্য ‘ড্রাগন ডান্স’ ও ‘লায়ন ডান্স’।

এ সময় স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা শিশু-কিশোররা করতালি দিয়ে তাদের অভিবাদন জানায়।

বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামিল বলেন, “চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থীরা ড্রাগন ডান্স ও লায়ন ডান্স পরিবেশন করেন।

“বাংলাদেশ ও চীনের মধ্যকার ক্রীড়া ও সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে চীনা শিক্ষার্থীরা তাদের দেশের ঐতিহ্যবাহী ড্রাগন ডান্স ও লায়ন ডান্স পরিবেশন করে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রশিক্ষণার্থীরা নৃত্য, গীতিনৃত্য ও লোকনৃত্য পরিবেশন করেন।

শিশু-কিশোর ও চীনা শিক্ষার্থীদের এসব পরিবেশনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাততালি দিয়ে উৎসাহ দেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম চালু রয়েছে।

এর আওতায় বিকেএসপির প্রশিক্ষকরা চীনা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন। অন্যদিকে ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকরা বিকেএসপির শিক্ষার্থীদের চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট উশু প্রশিক্ষণ দেন।

সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামিল বলেন, “চীনা প্রশিক্ষকদের কাছ থেকে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন বিকেএসপির ক্রীড়াবিদরা।

“দুই দেশের মধ্যে এ ধরনের ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনা বাংলাদেশ-চীন ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।”

উদ্বোধনী অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪০ জন ক্ষুদে ক্রীড়াবিদের হাতে বিকেএসপিতে ভর্তির ‘অফার লেটার’ তুলে দেন প্রধানমন্ত্রী।