২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিদ্যালয়ের মাঠে নৌকার নির্বাচনি ক্যাম্প, জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলে জানান ইউএনও।

কুমিল্লায় বিদ্যালয়ের মাঠে নৌকার নির্বাচনি ক্যাম্প, জরিমানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনি ক্যাম্প।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 12:00 AM

Updated : 29 Dec 2023, 12:00 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে একটি বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনি ক্যাম্প স্থাপন করায় এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার ধামতী ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা ক্যাম্পটি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, প্রতীক বরাদ্দের পর বিদ্যালয় মাঠ দখল করে নির্বাচনি ক্যাম্প স্থাপন করেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নৌকার সমর্থক রেজাউল করিম রাজিব। এটি উদ্বোধন করেন ধামতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু।

মাঠে নির্বাচনি ক্যাম্প স্থাপন করায় শিশু শিক্ষার্থীদের নতুন বই উৎসবসহ পাঠদানে বাধার আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নৌকার ক্যাম্প করায় স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের সভাপতি রেজাউলের মোবাইল ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছেন বলে সংযোগ কেটে দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, বিকালে ঘটনাস্থলে নির্বাহী হাকিম পাঠানো হয়। পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর এক সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

একইসঙ্গে দ্রুত নির্বাচনি ক্যাম্পটি অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।