১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলে সেপটিক ট্যাংকে নারীর লাশ

ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল, টর্চলাইট ও একটি লাঠি উদ্ধার করেছে পুলিশ।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 03:44 PM

Updated : 05 Jan 2024, 03:56 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রাম থেকে আম্বিয়া খাতুন নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান।

নিহত ৫০ বছর বয়সী আম্বিয়া ওই গ্রামের হবিবার মোল্লার মেয়ে। তিনি অন্যের বাড়িতে কাজ করতেন বলে এলাকাবাসী জানিয়েছে।

এ হত্যাকাণ্ডের জড়িত অভিযোগে একই গ্রামের রজ্জেক মোল্লার ছেলে ৩০ বছর বয়সী সাব্বির মোল্লাকে আটক বরা হয়েছে। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে করেছে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সাব্বিরের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল, টর্চলাইট ও একটি লাঠি উদ্ধারের কথাও জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “বৃহস্পতিবার রাতের যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটেছে এবং এতে উদ্ধার করা লাঠিটি ব্যবহার হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।

“আটক সাব্বির মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি। সে নিজের মাকেও হত্যা করেছে বলে জানতে পেরেছি।”

লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি কাঞ্চন।