নাটোরে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, ট্রাক চালকসহ আটক ২
ট্রাকে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতর ৯টি প্যাকেট থেকে তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নাটোর সদরে পাথর বোঝাই একটি ট্রাকসহ তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
সোমবার রাতে শহরের বড়হরিশপুর এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মিয়া সাহেব পাড়ার মো. আব্দুস সাত্তারের ছেলে ট্রাক চালক মো. সাগর আলী (২১) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাক্ষণগাঁও এলাকার মো. সেলিমের ছেলে মো. সালাহ উদ্দিন (২১)।
মঙ্গলবার পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল বলেন, গোপন খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ড্যাশ বোর্ডের ভেতর পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেট থেকে তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হেরোইনের মূল্য প্রায় চার কোটি টাকা।
এ ছাড়া ট্রাক চালকের কাছ থেকে রেজিস্ট্রেশন স্লিপ, রুট পারমিট, মানি রিসিভ, ড্রাইভিং লাইসেন্স, পাথরের চালান ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে তিনি জানান।
পুলিশ সুপার আরও বলেন, পাথর বোঝাই ট্রাকটি কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে লোড হয়েছে বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে। আটক চালক ও তার সহকারীর বাইরে হেরোইন বহনের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
হেরোইনগুলো গাজীপুরে নেওয়া হচ্ছিল, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা পুলিশের প্রধান।
