রূপগঞ্জে গৃহবধূকে হত্যার ২৩ বছর পর স্বামীর যাবজ্জীবন
পারিবারিক কলহের জেরে ২০০০ সালের ২ অগাস্ট রাশেদুল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে জানান এপিপি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ২৩ বছর পর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহাবুদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. সালাউদ্দিন সুইট জানান।
দণ্ড পাওয়া রাশেদুল ইসলাম (৪৫) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে। হত্যাকাণ্ডের শিকার চামেলী আক্তার (২৪) একই উপজেলার লাল চানের মেয়ে।
মামলার বরাতে এপিপি সালাউদ্দিন বলেন, চামেলীকে নিয়ে রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় থাকতেন রাশেদুল। পারিবারিক কলহের জেরে ২০০০ সালের ২ অগাস্ট চামেলীকে শ্বাসরোধ করে হত্যা করেন রাশেদুল৷
এ ঘটনায় চামেলীর ভগ্নিপতি মো. শাহজাহান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা দায়ের করেন। ঘটনার পর সাত বছর পলাতক ছিলেন রাশেদুল।
২০০১ সালের ২৮ নভেম্বর পুলিশ রাশেদুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান এপিপি সালাউদ্দিন৷
তিনি বলেন, আসামি পলাতক থাকায় মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হতে দেরি হয়। মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জন আদালতে সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
রায় ঘোষণার পর দণ্ডিতকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।
