২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীকে অপহরণ: সিংড়ার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি

ওয়াহিদুজ্জামান পিন্টুকে সভাপতি এবং সোহেল রানা মুন্নুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রার্থীকে অপহরণ: সিংড়ার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি

নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম (বায়ে) ও সাধারণ সম্পাদক মো. মোহন আলী।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 05:57 PM

Updated : 24 Apr 2024, 05:57 PM

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীকে অপহরণের অভিযোগের জের ধরে এবার নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসবক লীগের সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার এবং সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম এম ওয়াহিদুজ্জামান পিন্টুকে সভাপতি এবং সহসাধারণ সম্পাদক সোহেল রানা মুন্নুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দুই প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

লুৎফুল হাবিব রুবেল সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সিংড়ার সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক। উপজেলা নির্বাচনে অংশ নিতে তিনি শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন।

এর মধ্যে গত ১৫ এপ্রিল বিকালে নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। কয়েক ঘণ্টা পর তাকে বাড়ির সামনে ফেলে যায় তারা।

অভিযোগ ওঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবিব রুবেল তাকে অপহরণ ও মারধর করেছেন। এ ঘটনার বিভিন্ন ফুটেজে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীর সম্পৃক্ততা দেখা গেছে।

এর জেরেই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে উল্লেখ করে জেলা স্বেচ্ছাসেবক দলের চিঠিতে বলা হয়, “৮ মে অনুষ্ঠিতব্য সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র জমাদানে বাধা, মারপিট ও অপহরণসহ অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সুমনের জবানবন্দি, নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ঘটনায় সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীর সম্পৃক্ততা রয়েছে। যা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি।

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাদের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে চিঠিতে বলা হয়েছে।

এদিকে অপহরণের ঘটনার পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বাধ্য হন লুৎফুল হাবিব রুবেল। এর ফলে একক প্রার্থী হিসেবে দেলোয়ারকে মঙ্গলবার বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।