কুমিল্লায় বাবাকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার
১১ জুলাই আদালত এ মামলায় হাজী আবদুল করিমের প্রথম পক্ষের তিন ছেলেকে মৃত্যুদণ্ড দেয়।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে আসামি মো. শহীদ উল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম জানান।
শহীদ মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৩ সালের ২৬ অগাস্ট ৮৫ বছর বয়সী হাজী আবদুল করিমকে বাড়ির পাশের একটি চা দোকানের সামনে রামদা-চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সম্পত্তির বিরোধ ও পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন করিমের তৃতীয় স্ত্রী সাফিয়া বেগম হত্যা মামলা করেন।
এ বছরের ১১ জুলাই কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ মামলায় হাজী আবদুল করিমের প্রথম পক্ষের ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ, শহীদ উল্লাহকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার সময় তারা তিনজনই পলাতক ছিলেন।
কিছুদিন আগে অহিদ উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। ফয়েজ উল্লাহ পলাতক রয়েছেন।
ওসি শফিউল বলেন, মঙ্গলবার দুপুরে শহীদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
