২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ‘পুকুরে তলিয়ে যাওয়ার’ ১ দিন পর ভাসল যুবকের লাশ

পুলিশ বলছে, ওই যুবক মৃগী রোগী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 06:09 PM

Updated : 15 Jul 2023, 06:25 PM

হবিগঞ্জের বাহুবলে গোসলে নেমে পুকুরের পানিতে তলিয়ে যাওয়ার একদিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের বোয়ালবাদা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান।

৩০ বছর বয়সি মৃত সুরঞ্জিত দাস ওই গ্রামের শারন্ত দাসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার সকালে বাড়ির পাশে ওই পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যান সুরঞ্জিত। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এক পর্যায়ে শনিবার দুপুরে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে সুরঞ্জিতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা প্রজিৎ কুমার দাস আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“প্রাথমিকভাবে জানা গেছে, সুরঞ্জিত মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে,” বলেন থানা পুলিশের এ পরিদর্শক।