কীর্তিনাশার পাড়ে পড়ে ছিল শিশুর মরদেহ, উদ্ধার করল পুলিশ
শিশুটির বয়স আনুমানিক তিন বছর বলে ধারণা করছে পুলিশ।
শরীয়তপুর সদর উপজেলায় কীর্তিনাশা নদীর পাড় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ভাষানচর এলাকার নদীর দক্ষিণ তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে আংগারিয়া পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান জানিয়েছেন।
শিশুর বয়স আনুমানিক তিন বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে চাঁন মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে কীর্তিনাশা নদীর পাড়ে পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আংগারিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এসআই মতিউর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
