২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

উপজেলা চিকিৎসা কর্মকর্তা বলেন, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে এমনটা হতে পারে।

মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 07:37 PM

Updated : 17 Apr 2023, 07:37 PM

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে এ ঘটনা ঘটে বলে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান।    

নিহত দুই শ্রমিক হলেন- উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (২৫) এবং পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই এলাকার আবদুল খালিকের ছেলে মো. শাহীন মিয়া (২২)। 

পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেপটিক ট্যাংকের সাটারিং খোলতে প্রথমে একজন শ্রমিক ভিতরে প্রবেশ করে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারে আরেকজন নামেন। তখন তিনিও অসুস্থ হয়ে পড়েন। 

ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

উপজেলা চিকিৎসা কর্মকর্তা নিশাত জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে এমনটা হতে পারে।

ফায়ার সার্ভিসের কুলাউড়া স্টেশনের লিডার শংকর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেফটিক ট্যাংকিতে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।” 

জুড়ী থানার ওসি মোশাররাফ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট  হাসপাতালের মর্গে পাঠানো হবে।