গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ২
নাওজোড় এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি ঘর নির্মাণ করে পোশাককর্মীদের কাছে ভাড়া দেয়া হয়েছিল।
গাজীপুর মহানগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে নাওজোড় এলাকায় নির্মাণাধীন তিনতলা ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান।
এ ঘটনায় নিহত সাকিবের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, তিনতলা ভবনটির অধিকাংশ নির্মাণ কাজই সম্পন্ন হয়েছে। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের উপর দুটি ঘর নির্মাণ করে পোশাককর্মীদের কাছে ভাড়া দেয়া হয়েছিল।
শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। এতে ওই কক্ষে ভাড়া থাকা সাকিব ঘটনাস্থলেই মারা যান।
আহত হন আরও দুজন। তবে তাদের পরিচ-বিস্তারিত এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ঘরের দরজা, জানালা ক্ষতিগ্রস্থ হয়। নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) সোয়েব মোহাম্মদ বলেন, আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেপটিক ট্যাংকের ভেতরে গ্যাস জমে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
